
নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে একটি সুপারিবাগান থেকে মালেক শেখ (৫০) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মরিচা-ভবনীপুর গ্রামের নিজ বাড়িসংলগ্ন একটি সুপারিবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মালেক শেখ ওই গ্রামের ধলামিয়া শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মালেক শেখ ভ্যান নিয়ে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে যান। তবে রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে তাঁর খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ির পাশের সুপারিবাগানের ভেতর মালেক শেখের মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ওসি আরও বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা—এ মুহূর্তে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।