1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

আব্বুকে ছেড়ে দিতে বলেছিলাম, তবুও মেরে ফেলেছে

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

দেবিদ্বারে শফিকুল হত্যা ও শিশু ধর্ষণচেষ্টার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন। কান্নায় ভেঙে পড়ল ৯ বছরের সাদিয়া, হত্যার মামলার পলাতক আসামি ও শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি। নিশাদ ও লিমন ঘর থেকে আমার আব্বুকে ডেকে নিয়ে মেরে ফেলেছে। ওইদিন কোনো ঝগড়া ছিল না। আমি ও আমার ছোটভাই সামিউল জানালা দিয়ে দেখছিলাম। আব্বুকে মারতে নিষেধ করেছিলাম। আমার আব্বুকে ছেড়ে দিতে বলেছিলাম, তবুও তারা আব্বুকে মেরে ফেলেছে। আমি আমার আব্বুর হত্যাকারীদের বিচার চাই, তাঁদের ফাঁসি চাই।’

কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিল ৯ বছরের শিশু সাদিয়া আক্তার। তার বাবা দিনমজুর শফিকুল ইসলাম হত্যার বিচার চেয়ে এভাবেই আকুতি জানায় সে। শিশুটির বুকফাটা কান্নায় ভারী হয়ে ওঠে উপস্থিত মানুষের পরিবেশ। বাবাকে হারানোর শোকের পাশাপাশি হত্যার বিচার না পাওয়ার আশঙ্কা যেন আরও গভীর হয়ে উঠেছে তার কথায়।

কুমিল্লার দেবিদ্বারে দিনমজুর শফিকুল ইসলাম হত্যা এবং পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ভূমিহীন সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা। দুই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা। রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় দেবিদ্বার নিউমার্কেটের স্বাধীনতা স্তম্ভের পাদদেশে ভূমিহীন সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১১টায় দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধনে অংশ নেন বিক্ষোভকারীরা।

‘বাবার হত্যার বিচার চাইতে গিয়েও সাক্ষী খুঁজতে হয়েছে নিহত শফিকুল ইসলামের ১৭ বছর বয়সী ছেলে ইমন আহমেদ অভিযোগ করে বলেন, বাবার হত্যার বিচার চাইতে থানায় গেলে প্রথমে পুলিশ তাঁদের সাক্ষী নিয়ে আসতে বলে। পরে মামলা গ্রহণ করা হলেও মামলার দুই নম্বর আসামি নিশাদকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ তাঁর। এতে আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং তাঁদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন ইমন। নিহতের স্ত্রী নার্গিস আক্তার বলেন, স্বামীকে বাঁচানোর জন্য আকুতি জানিয়েও তাঁকে রক্ষা করতে পারেননি। তাঁর অভিযোগ, চোখের সামনে স্বামীকে পিটিয়ে, কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। স্বামীকে হারিয়ে সন্তানদের নিয়ে এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁদের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সন্তানদের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

বাঁশ কাটাকে কেন্দ্র করে হত্যার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর দেবিদ্বার উপজেলার বারুর গ্রামে বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে দিনমজুর শফিকুল ইসলামকে প্রকাশ্যে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিমন, তাঁর ভাই নজরুল ইসলাম এবং নজরুলের ছেলে নিশাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ লিমন ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। তবে মামলার এজাহারভুক্ত আসামি নিশাদ এখনো গ্রেপ্তার হননি বলে জানিয়েছেন নিহতের স্বজনেরা। অন্যদিকে, গত ৫ অক্টোবর দেবিদ্বার উপজেলার একটি গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে মাজহারুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হলেও অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা যায়নি বলে অভিযোগ রয়েছে।

দুটি ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা। মানববন্ধনে বাংলাদেশ খেতমজুর সমিতির কেন্দ্রীয় সহসভাপতি পরেশ কর বলেন, দেবিদ্বারে হত্যা, ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মতো অপরাধের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ভূমিহীন নেতা আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন ভূমিহীন নেতা লিল মিয়া, তজু মিয়া, রমিজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা শফিকুল ইসলাম হত্যা এবং শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

পুলিশের বক্তব্য এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, শফিকুল ইসলাম হত্যা মামলার তিন এজাহারনামীয় আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামি নিশাদ এবং শিশু ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্ত মাজহারুল ইসলামকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, বাবাকে হারানো শিশু সাদিয়ার কান্নাভেজা কণ্ঠে উচ্চারিত বিচার চাওয়ার আকুতি এখন এলাকাবাসীরও দাবি হয়ে উঠেছে। স্বজন ও স্থানীয়দের প্রত্যাশা, দুই ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের আইনের আওতায় আনা হবে এবং ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার ও নিরাপত্তা পাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট