
বিশেষ প্রতিনিধি:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন হলেও ফরিদপুর পৌরসভায় এখনও জাঁকিয়ে বসে আছেন ফ্যাসিবাদের অন্যতম দোসর ও পৌর নির্বাহী কর্মকর্তা মো: তানজিলুর রহমান। ক্ষমতার পটপরিবর্তনের পর অনেক প্রভাবশালী আত্মগোপনে গেলেও এই কর্মকর্তা রয়ে গেছেন বহাল তবিয়তে। আগের মতোই চাটুকারিতা, রাজনৈতিক সিন্ডিকেট আর আধিপত্য বজায় রেখে চালিয়ে যাচ্ছেন দুর্নীতি ও অনিয়মের রমরমা বাণিজ্য।
অনুসন্ধানে উঠে এসেছে, বিগত ১৭ বছর ধরে তৎকালীন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিতর্কিত রাজনৈতিক নেতা অমিতাভ বোসসহ স্থানীয় প্রভাবশালী মাফিয়া চক্রের সরাসরি পৃষ্ঠপোষকতায় বেপরোয়া হয়ে ওঠেন তানজিলুর রহমান। পৌরসভার সাধারণ নাগরিকদের জিম্মি করে তিনি গড়ে তুলেছেন অনিয়ম ও লুটপাটের এক বিশাল সিন্ডিকেট। শেখ হাসিনা সরকারের পতনের পরও এই কর্মকর্তা কৌশলে নতুন গোপন চাটুকার ও সন্ত্রাসী বলয় তৈরি করে নিজের আসন আঁকড়ে রেখেছেন।
পৌরসভায় দুর্নীতির যতো বিস্তার:
টেন্ডার বাণিজ্য ও ভুয়া বিল-ভাউচার: পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট, ড্রেনেজ ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নামে-বেনামে নিজস্ব ঠিকাদারদের মাধ্যমে কাজ পাইয়ে দিয়ে কোটি কোটি টাকা কমিশন হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কাজ না করে কিংবা নিম্নমানের কাজ দেখিয়ে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। প্রতিটি কাজ থেকেই মোটা অঙ্কের বাধ্যতামূলক “কমিশন” পকেটে পুরতেন তিনি।
হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সিন্ডিকেট: সাধারণ পৌরবাসীর ওপর অযৌক্তিক ও আকাশচুম্বী হোল্ডিং ট্যাক্স ধার্য করে পরবর্তীতে তা কমানোর নামে মোটা অঙ্কের ঘুষ বাণিজ্যের অভিযোগ দীর্ঘদিনের। ট্রেড লাইসেন্স ইস্যু, নবায়ন এবং পৌর মার্কেটের দোকান বরাদ্দের ক্ষেত্রেও তার গড়ে তোলা সিন্ডিকেটের কাছে জিম্মি সাধারণ ব্যবসায়ীরা। চাঁদা বা ঘুষ ছাড়া এখানে কোনো ফাইল নড়ত না।
অবৈধ নিয়োগ ও পদোন্নতি বাণিজ্য: পৌরসভায় মাস্টাররোল ও অস্থায়ী ভিত্তিতে কর্মচারী নিয়োগ, মাস্টাররোল থেকে স্থায়ীকরণ এবং পদোন্নতির ক্ষেত্রে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। টাকা দিতে না পারলে যোগ্য কর্মচারীদের বঞ্চিত করে নিজের অনুগতদের বসানোর অভিযোগ দীর্ঘদিনের।
হাটে-বাজারে রাজস্ব ফাঁকি ও স্বজনপ্রীতি: ফরিদপুর পৌরসভার আওতাধীন বিভিন্ন পশুর হাট, বাসস্ট্যান্ড ও ইজারাকৃত সম্পত্তি থেকে আদায়কৃত বিপুল পরিমাণ রাজস্বের বড় একটি অংশ পৌরসভার ফান্ডে জমা না করে স্বজনপ্রীতি ও সিন্ডিকেটের পকেটে পুরেছেন তিনি। এর ফলে পৌরসভা কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
নামে-বেনামে রূপকথার মতো অবৈধ সম্পদ: দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অর্জিত বিপুল অর্থ দিয়ে তিনি নিজ নামে এবং স্বজনদের নামে-বেনামে রাজধানীর অভিজাত এলাকা বনানী এবং ফরিদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শত কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন বলে প্রচার রয়েছে।
এখনও বহাল তবিয়তে ও আধিপত্য জারি:
আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে প্রশাসনিক রেশারেশি ও দুর্নীতিবাজদের স্থান পরিবর্তন হলেও ফরিদপুরে ক্ষমতার কোনো হেরফের হয়নি তানজিলুর রহমানের জন্য। একটি নতুন গোপন চাটুকার ও সন্ত্রাসী চক্র তৈরি করে পৌরসভার প্রশাসনিক কর্মকাণ্ডকে স্বৈরাচারী কায়দায় জিম্মি করে রেখেছেন তিনি। সাধারণ নাগরিকরা সেবা নিতে এসে চরম হয়রানি ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার হচ্ছেন, যা নিয়ে ফরিদপুরের সচেতন নাগরিক সমাজের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এই পরিস্থিতিতে ফরিদপুর পৌরসভার সর্বসাধারণ ও সচেতন নাগরিকবৃন্দ অতি দ্রুত তাকে পদ থেকে অপসারণ ও বরখাস্তের জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক একটি নিরপেক্ষ উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং তার অবৈধ সম্পদের সঠিক হিসাব বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ফরিদপুর পৌরসভাকে দুর্নীতি ও দোসরমুক্ত করতে স্থানীয় সরকার বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট নীতি-নির্ধারক মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়