1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

দীর্ঘ ২৬ বছরের রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের প্রতীক: মণিরামপুরের শ্যামকূড় ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মো. ইলিয়াস হোসেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

রাজনীতি মানে শুধু ক্ষমতা কিংবা পদ-পদবি নয়; রাজনীতি হলো মানুষের অধিকার আদায়ের সংগ্রাম, দুঃসময়ে পাশে থাকার এক অবিচল অঙ্গীকার। বিগত ২৬ বছর ধরে এমনই এক আদর্শ ও ত্যাগের রাজনীতি করে আসছেন যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকূড় ইউনিয়ন বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস হোসেন। বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী আমলের চরম নির্যাতন, নিপীড়ন ও ব্যবসায়িক ক্ষতির মুখেও যিনি দলের নেতাকর্মীদের আগলে রেখেছিলেন ঢাল হয়ে। আসন্ন ইউপি নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের সর্বস্তরের মানুষ।
সময়টা ২০০০ সাল। সাবেক রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কালজয়ী আদর্শ বুকে ধারণ করে মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ ইকবালের হাত ধরে সক্রিয় রাজনীতিতে পা রাখেন তরুণ ইলিয়াস হোসেন। দেখতে দেখতে পার হয়ে গেছে ২৬টি বছর।
দলের প্রতি অবিচল আনুগত্যের স্বীকৃতিস্বরূপ ২০০৩ সালে তিনি শ্যামকূড় ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। পরবর্তীতে তার সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তার মূল্যায়ন করে ২০০৮ সালে মণিরামপুর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক এবং ২০১৪ সালে উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় তাকে। ২০২২ সালে তিনি মূল দলে পদার্পণ করেন এবং একই বছর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য নির্বাচিত হন।
বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী আমলে বিরোধী দলের কর্মসূচি পালন যখন ছিল এক দুরূহ ব্যাপার, ঠিক তখনো দমে যাননি মো. ইলিয়াস। গুম, খুন ও অজস্র গায়েবি মামলার পরোয়া না করে উপজেলা বিএনপির ডাকে সবার আগে রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন তিনি।
২০১৩ সাল থেকে শুরু হওয়া রাজনৈতিক নিপীড়নের চরম মূল্য চুকাতে হয়েছে তাকে ও তার পরিবারকে। নিজ বাড়িতে ঘুমানোর সুযোগ না পেয়ে বছরের পর বছর তার রাত কেটেছে অন্ধকার ধানক্ষেতে কিংবা গভীর বনে-জঙ্গলে। তবুও তিনি নেতাকর্মীদের একা ফেলে পালিয়ে যাননি। মুখে মাস্ক ও মাথায় গামছা বেঁধে রাতের আঁধারে ঘুরেছেন কর্মীদের বাড়ি বাড়ি। নিজের পকেট থেকে অর্থ খরচ করে নেতাকর্মীদের জেল-জামিনের ব্যবস্থা করেছেন এবং তাদের পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।
স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহিংসার শিকার হয়ে তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়, যার ফলে তার প্রায় ১৫ লাখ টাকার ব্যবসায়িক ক্ষতি হয়—যে ক্ষত তিনি আজও বয়ে বেড়াচ্ছেন। তবুও নিজের জীবনের ঝুঁকি নিয়ে শ্যামকূড় ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলকে এক সুতোয় গেঁথে রেখেছিলেন এই চৌকস নেতা। তার এই ত্যাগের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে তাকে ইউনিয়ন বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
৫ আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক পরিবর্তনের পরও ক্ষমতার মোহে না ভিড়ে ইলিয়াস হোসেন নিজেকে নিয়োজিত রেখেছেন মানুষের সেবায়। একহাতে ইউনিয়ন বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করছেন, অন্যহাতে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন এবং সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন নিয়মিত।
তার এই আপসহীন ও জনবান্ধব ভূমিকার কারণে দলমত নির্বিশেষে শ্যামকূড় ইউনিয়নের সর্বস্তরের মানুষ তাকে আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির এক নেতা বলেন, “ইলিয়াস ভাইয়ের যে ত্যাগ, তার সাথে আমাদের ইউনিয়নের আর কারও তুলনাই চলে না। উনার মতো একজন সৎ ও অন্যায়ের সাথে আপসহীন নেতা আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হওয়া বড্ড প্রয়োজন।” সাধারণ নারী ভোটার লালভানু খাতুন বলেন, “এলাকার উন্নয়নে ও শুধু পাশে থাকে না, সবসময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দেয়। আমাদের নিরাপত্তার জন্য ওর মতো একজন আদর্শ লোকের খুব দরকার।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রবল আকাঙ্ক্ষা প্রকাশ করে মো. ইলিয়াস হোসেন বলেন, “চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা আমার আছে। তবে সবার উপরে আমার কাছে দলীয় সিদ্ধান্ত। দল যদি আমাকে সুযোগ দেয়, তবে আগামী মাত্র ২ বছরের মধ্যে শ্যামকূড় ইউনিয়নকে একটি সর্বশ্রেষ্ঠ ও আদর্শ ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।”
মাস্টার্স পাশ করা শিক্ষিত এই বিএনপি নেতা জনকল্যাণে তিনি ‘উন্নয়ন, সেবা ও সুশাসনের অঙ্গীকার’ শিরোনামে ২০ দফা রূপরেখা ঘোষণা করেছেন, যেগুলো হলো:
১. সুশাসন ও জবাবদিহিতা: ইউনিয়ন পরিষদের সকল সেবা দুর্নীতিমুক্ত, দালমুক্ত করা হবে। জন্ম-নিবন্ধন, ওয়ারিশ সনদ, নাগরিক সনদ ৭২ ঘণ্টার মধ্যে প্রদান।২. রাস্তাঘাট ও অবকাঠামো: প্রতিটি গ্রামের কাঁচা রাস্তা পর্যায়ক্রমে ইট সোলিং ও পাকা করা এবং জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা।৩. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন: প্রতিটি পাড়ায় নিরাপদ খাবার পানির জন্য গভীর নলকূপ এবং ১০০% স্যানিটেশন নিশ্চিত করা।৪. শিক্ষার উন্নয়ন: সকল প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী গরিব শিক্ষার্থীদের জন্য বৃত্তি, স্কুল ড্রেস ও বই বিতরণ এবং ঝরে পড়া রোধে কাজ করা।৫. স্বাস্থ্য সেবা: ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ২৪ ঘণ্টা চালু রাখা, বিনামূল্যে প্রাথমিক ঔষধ এবং প্রতি মাসে অন্তত ২ বার বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন।৬. কৃষক বান্ধব ইউনিয়ন: কৃষকদের ভর্তুকিতে সার, বীজ ও কৃষি পরামর্শ নিশ্চিত করা এবং ফসলের ন্যায্য দাম পেতে সহায়তা করা।৭. মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন: মাদক ও জুয়াকে জিরো টলারেন্স ঘোষণা, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা।৮. কর্মসংস্থান ও যুব উন্নয়ন: বেকার যুবক-যুবতীদের জন্য ফ্রি কম্পিউটার, সেলাই, ইলেকট্রিক কাজের প্রশিক্ষণ এবং বিদেশগামী কর্মীদের জন্য তথ্য সহায়তা কেন্দ্র।৯. নারী ও শিশু সুরক্ষা: নারীদের জন্য নিরাপদ চলাচল, নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ঋণ সহায়তা এবং শিশুদের খেলার মাঠ সংরক্ষণ।১০. ভাতা ও সামাজিক নিরাপত্তা: বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকৃত গরিব ও যোগ্য ব্যক্তিরা যাতে পায় তা ১০০% নিশ্চিত করা, কোন স্বজনপ্রীতি নয়।১১. আলোকিত ইউনিয়ন: গুরুত্বপূর্ণ মোড় ও বাজারে সোলার স্ট্রিট লাইট এবং সিসি ক্যামেরা স্থাপন করে নিরাপত্তা জোরদার। ১২. ক্রীড়া ও সংস্কৃতি: প্রতি বছর আন্তঃওয়ার্ড ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন।
১৩. বাজার ও হাট ব্যবস্থাপনা: ইউনিয়নের সকল হাট-বাজারে টয়লেট, বিশুদ্ধ পানি ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা। ১৪. বিদ্যুৎ নিরবচ্ছিন্নকরণ: শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করা এবং লোডশেডিং সমস্যা সমাধানে পল্লী বিদ্যুৎ অফিসের সাথে সমন্বয় করা। ১৫. দুর্যোগ মোকাবেলা: বন্যা, ঘূর্ণিঝড়ের সময় দ্রুত আশ্রয়কেন্দ্র, ত্রাণ বিতরণ এবং জরুরি হটলাইন সেবা চালু করা। ১৬. ভূমি সেবা সহজীকরণ: ভূমির খাজনা, নামজারি সংক্রান্ত হয়রানি বন্ধে ইউনিয়ন পরিষদ থেকে সর্বাত্মক সহযোগিতা। ১৭. মসজিদ, মন্দির ও কবরস্থান উন্নয়ন: সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সমান বরাদ্দ এবং কবরস্থান ও শ্মশানের বাউন্ডারি ও পরিচ্ছন্নতা। ১৮. প্রবাসী কল্যাণ: প্রবাসী পরিবারের নিরাপত্তা ও তাদের সমস্যা সমাধানে চেয়ারম্যানের সরাসরি হস্তক্ষেপ এবং প্রবাসীদের সংবর্ধনা। ১৯. মাসিক গণশুনানি: প্রতি মাসের প্রথম শুক্রবার প্রতিটি ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের অভিযোগ শোনা এবং তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ। ২০. ডিজিটাল ইউনিয়ন: ইউনিয়ন পরিষদকে সম্পূর্ণ ডিজিটাল করা – অনলাইনে সকল সনদের আবেদন, ইউনিয়ন ভিত্তিক একটি হেল্পলাইন নম্বর মাধ্যমে সেবা।
যিনি সুসময়ে নয়, দুঃসময়ে বুক পেতে আগলে রেখেছিলেন সবাইকে— সেই পরীক্ষিত নেতা মো. ইলিয়াস হোসেনকে ঘিরেই এখন নতুন স্বপ্নের জাল বুনছে শ্যামকূড় ইউনিয়নের সাধারণ মানুষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট