
বিশেষ প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি ও নেতাদের সাথে ঘনিষ্ঠতা বজায় রেখে সুবিধা নেওয়ার পর, পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি সারের ডিলারশিপ বাগিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যবসায়ী জনাব মাসুদ রানা এবং তার প্রতিষ্ঠান ‘মেসার্স জ্যোৎস্না ট্রেডার্স’। সম্প্রতি কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সারের ডিলারশিপের চূড়ান্ত তালিকায় তার নাম প্রকাশ পাওয়ার পর থেকেই পুরো শার্শা উপজেলা জুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ১৭ বছর ধরে তৎকালীন বাহাদুরপুর ইউনিয়নের আওয়ামী লীগ চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জামাল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জনাব মান্নান মেম্বার, পৌর কমিশনার ও আওয়ামীলীগ নেতা জনাব রাশেদ এবং বেনাপোল পৌর যুবলীগ নেতা জনাব রিমনের সাথে মাসুদ রানার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি তাদের অনেকের সাথে তার পারিবারিক ও আত্মীয়তার যোগাযোগও গড়ে ওঠে। এসব সম্পর্ককে হাতিয়ার করেই তিনি বিগত সরকারের আমলে নানা সুবিধা হাসিল করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।
এছাড়া, বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান তিতাসের সাথে মাসুদ রানার যৌথ ডিশ লাইনের ব্যবসা রয়েছে বলেও জানা গেছে। বিগত শাসনআমলে ইউনিয়নে আওয়ামী লীগের অন্যতম চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখার ব্যাপক অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে তিনি সরকারি সারের ডিলারশিপ পেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
সরেজমিনে তদন্তে জানা যায়, ঐতিহাসিক ৫ই আগস্টের পর আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত মাসুদ রানা গ্রেফতার বা তোপের মুখে পড়ার ভয়ে কিছুদিনের জন্য এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। তবে প্রায় ৬ মাস পর এলাকায় ফিরে এসে তিনি কৌশল পরিবর্তন করেন। অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় বিএনপি নেতাদের সাথে সখ্যতা তৈরি করে নিজেকে বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিতে শুরু করেন।
এলাকাবাসীর দাবি, মাসুদ রানা অত্যন্ত চতুর প্রকৃতির। তিনি বর্তমানে একদিকে বিএনপির পরিচয় দিচ্ছেন, অন্যদিকে গোপনে পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে ব্যবসায়িক লেনদেন এবং আর্থিক সহায়তা অব্যাহত রেখেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা জানান, বেনাপোল ও বাহাদুরপুর ইউনিয়নের পলাতক আওয়ামী লীগ নেতাদের অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখতে নেপথ্যে কাজ করছেন মাসুদ রানা।
শুধু তা-ই নয়, তার স্ত্রীর বিরুদ্ধে বাহাদুরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর নারী তালিম প্রোগ্রামের অন্যতম সংগঠক হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। ফলে একই পরিবারে রাজনৈতিক স্বার্থানুযায়ী বহুমুখী অবস্থানের কারণে তাকে “সুবিধাবাদী গিরগিটি” হিসেবে আখ্যায়িত করছেন স্থানীয়রা।
ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে মন্ত্রণালয়ে প্রেরিত খসড়া তালিকায় মেসার্স জ্যোৎস্না ট্রেডার্স বা মাসুদ রানার নাম কিভাবে এক নম্বরে আসলো এবং চূড়ান্ত তালিকায় তার নাম চলে আসায় ক্ষোভে ফুঁসছে বাহাদুরপুর ইউনিয়ন।
স্থানীয় এক বিএনপি নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাসুদ রানা যে গত ১৭ বছর আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, তা এলাকার সবাই জানে। ইউনিয়নে এখন সবার মুখে মুখে ঘুরছে যে, প্রায় ১৫ লাখ টাকার অনৈতিক লেনদেনের মাধ্যমে তিনি এই ডিলারশিপ বাগিয়ে নিয়েছেন। টাকা-পয়সার লেনদেন ছাড়া তালিকার নিচের সারির নাম কীভাবে চূড়ান্ত তালিকায় এক নম্বরে চলে আসে? আমাদের কষ্ট হয়, যারা বিগত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে ত্যাগ স্বীকার করেছেন, তাদের বঞ্চিত করে এমন একজন সুবিধাবাদীকে ডিলারশিপ দেওয়া হলো।”
এ বিষয়ে কথা বললে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব নুরুজ্জামান লিটন বলেন, “মাসুদ রানা যে দীর্ঘদিন আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন, তা একটি প্রতিষ্ঠিত সত্য। এরপরেও মন্ত্রণালয়ের চূড়ান্ত তালিকায় কীভাবে তার নাম এলো, তা সত্যিই বিস্ময়কর ও বোধগম্য নয়।”
এসব গুরুতর অভিযোগের বিষয়ে মেসার্স জ্যোৎস্না ট্রেডার্সের স্বত্বাধিকারী জনাব মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে, তার সবই সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত আক্রোশ থেকে আমার পেছনে লেগেছে এবং আমার ভাবমূর্তি নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে।”
অভিযোগের তীর ও স্থানীয়দের ক্ষোভের মুখে বাহাদুরপুর ইউনিয়নে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে বিতর্কিত ও অনৈতিক উপায়ে ডিলারশিপ বরাদ্দ দেওয়ার এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।