
নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে সন্তান জন্মের পর এক নবজাতককে নিজের সন্তান দাবি করে হাজির হয়েছেন দুই ব্যক্তি। তাঁদের একজন সনাতন ধর্মাবলম্বী, অন্যজন মুসলিম। দুজনই নিজেদের ওই নবজাতকের বাবা এবং শান্তা নামের এক নারীর স্বামী বলে দাবি করেছেন। দুই ব্যক্তির এমন পাল্টাপাল্টি দাবিতে হাসপাতালজুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য ও বিব্রতকর পরিস্থিতি। রোববার (৮ নভেম্বর) সকালে নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, শান্তা নামের এক নারী সেখানে সন্তান প্রসব করেন। সন্তান জন্মের সময় তাঁর পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী বলে পরিচয় দেন। তবে কিছুক্ষণ পর হাসপাতালে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি। তিনিও নিজেকে শান্তার স্বামী এবং নবজাতকের বাবা বলে দাবি করেন। এতে শুরু হয় দুই ব্যক্তির মধ্যে পরিচয় ও দাম্পত্য সম্পর্ক নিয়ে টানাপোড়েন। এমদাদুলের দাবি, ২০২১ সালে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তার সঙ্গে প্রেমের সম্পর্কের পর তাঁদের বিয়ে হয়। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর তাঁরা ঢাকায় একসঙ্গে সংসার করতেন। সন্তান প্রসবের কথা জানিয়ে প্রায় তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে আসেন। নিজের দাবির পক্ষে বিয়ের কাবিননামাসহ দাম্পত্য জীবনের বিভিন্ন প্রমাণও হাসপাতালে উপস্থিত লোকজনের সামনে তুলে ধরেন তিনি। অন্যদিকে, এমদাদুল হাসপাতালে পৌঁছানোর পরপরই সেখান থেকে চলে যান শুভাস। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
তবে শান্তা এমদাদুলের দাবি অস্বীকার করেছেন। তাঁর ভাষ্য, এমদাদুলের সঙ্গে তাঁর বিয়ে হয়নি এবং নবজাতকের বাবাও তিনি নন। যদিও এমদাদুলের দেখানো কাবিননামা ও অন্যান্য প্রমাণের বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এমদাদুলকে বিয়ে করার পরও শান্তার বাবার বাড়িতে যাতায়াত ছিল। এরই মধ্যে ২০২৪ সালে আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা শুভাসের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁদের বিয়েও হয় বলে স্থানীয় সূত্রের দাবি। শুভাস জানতেন, চাকরির কারণে শান্তাকে ঢাকায় থাকতে হয়। তবে অভিযোগ রয়েছে, শান্তা ঢাকায় প্রথম স্বামীর সঙ্গে সংসার করার পাশাপাশি বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে দ্বিতীয় স্বামীর কাছেও যাতায়াত করতেন। এদিকে, দুই ব্যক্তির পাল্টাপাল্টি দাবির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষও বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হলে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার মেয়েকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। একপর্যায়ে দুই ব্যক্তিই হাসপাতাল ছেড়ে চলে যান।
তবে নবজাতকের প্রকৃত পিতৃত্ব, দুই ব্যক্তির সঙ্গে শান্তার বৈবাহিক সম্পর্ক এবং দেখানো কাবিননামার সত্যতা,এসব বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা তৈরি হয়েছে। প্রকৃত সত্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই এবং প্রয়োজনে আইনগত ও বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে বিষয়গুলোর নিষ্পত্তি প্রয়োজন।