1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

ডিমলায় কালভার্টের কাজ ফেলে উধাও ঠিকাদার, দুর্ভোগে হাজারো মানুষ

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

মোঃমামুন নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের বিজির বাজার এলাকায় সৈকত পাড়া গ্রামের সড়কে বক্স কালভার্ট নির্মাণের কাজ শুরু করেও শেষ করেননি ঠিকাদার। নির্ধারিত সময় পেরিয়ে প্রায় ১৮ মাস অতিবাহিত হলেও কাজটি অসম্পূর্ণ পড়ে আছে। নির্মাণকাজের জন্য সড়কের মাঝখানে বড় আকারের গর্ত খুঁড়ে রাখা হয়েছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় সড়কের ওই অংশ ভেঙে সেখানে পানি জমে পুকুরের মতো জলাশয়ের সৃষ্টি হয়েছে। এতে কয়েক হাজার মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের তিস্তা নদীসংলগ্ন চরাঞ্চলে কয়েক শ পরিবারের বসবাস। এসব এলাকার বাসিন্দাদের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কটি বিজির বাজার এলাকা হয়ে সৈকত পাড়া গ্রামের দিকে গেছে। সড়কটির মাঝামাঝি অংশে বক্স কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিন ধরে এ এলাকায় যাতায়াতের সমস্যার সমাধানে কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি বেড়ে গেলে এ পথে চলাচল কঠিন হয়ে পড়ে।
স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ২০২৪-২৫ অর্থবছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের উদ্যোগে সেখানে বক্স কালভার্ট নির্মাণের প্রকল্প নেওয়া হয়। ২০২৪ সালের ৬ জুন কাজ শুরু হয়ে ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নির্মাণকাজ শেষ হয়নি। মাঝপথে কাজ বন্ধ করে দেওয়ায় সড়কটি এখন স্থানীয়দের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কালভার্ট নির্মাণের জন্য সড়কের মাঝামাঝি অংশে বড় আকারের গর্ত খোঁড়া হয়েছে। কালভার্টের নিচের ও দুই পাশের কিছু অংশে কংক্রিটের কাজ করা হলেও ওপরের অংশের নির্মাণকাজ অসম্পূর্ণ। বিভিন্ন স্থানে কাঠের শাটারিং ও বাঁশের ঠেকনা লাগানোী রয়েছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় নির্মাণাধীন অংশের কিছু স্থানে কংক্রিটে হানিকম্বের মতো ফাঁপা অবস্থা তৈরি হয়েছে। সেসব স্থানে পাথর ও খোয়া বেরিয়ে থাকতে দেখা গেছে। এদিকে পাশের বিস্তীর্ণ ধানিজমির পানি সড়কের ভাঙা অংশ দিয়ে গড়িয়ে গর্তে জমে পুকুরের মতো জলাশয়ের সৃষ্টি হয়েছে। চারপাশে কচুরিপানা ও জলজ উদ্ভিদ ছড়িয়ে থাকায় চলাচলের পথ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বর্তমানে পানি কম থাকলেও সড়কের ওই ভাঙা অংশ পার হতে ভ্যান, মোটরসাইকেলসহ ছোট যানবাহনের চালকদের বেগ পেতে হচ্ছে। বর্ষা মৌসুমে পানি বেড়ে গেলে পরিস্থিতি আরও দুর্ভোগপূর্ণ হয়ে ওঠে। কালভার্টটির পাশে রয়েছে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেগুলোর শিক্ষার্থীদের বর্ষা মৌসুমে হাঁটুপানি ভেঙে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। এতে ছোট শিশুদের দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও থাকে।
চরাঞ্চলের এ এলাকার কৃষকেরা ধান, গম, ভুট্টা, বিভিন্ন জাতের শাকসবজি, বাদামসহ নানা ধরনের ফসল উৎপাদন করেন। উৎপাদিত ফসল বাজারে নেওয়ার জন্য সড়কটি তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কালভার্টের কাজ অসম্পূর্ণ থাকায় কৃষিপণ্য পরিবহনেও সমস্যায় পড়তে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. মকবুল হোসেন বলেন, “কালভার্টের কাজ বন্ধ থাকায় আমরা খুব কষ্টে আছি। আগে কষ্ট হলেও ফসল নিয়ে চাপানী হাটে যাওয়া যেত। এখন কালভার্টের মাঝখানে বড় ফাঁকা থাকায় মালামাল পরিবহন করা কঠিন হয়ে পড়েছে।”
স্থানীয় অটোভ্যানচালক আনোয়ার হোসেন বলেন, “সড়কের ওপর কালভার্টটি নির্মাণ না হওয়ায় ভ্যান নিয়ে চলাচল করতে আমাদের অনেক কষ্ট হয়। ভাঙা অংশ পার হওয়ার সময় ভ্যানের মোটরের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে অনেক সময় মোটর অতিরিক্ত গরম হয়ে নষ্ট হয়ে যায়। যাত্রী ও মালামাল নিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। মোটর নষ্ট হলে মেরামতে বাড়তি টাকা খরচ করতে হয়। দ্রুত কালভার্টটির নির্মাণকাজ শেষ হলে আমাদের এই দুর্ভোগ কমবে।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিজির বাজারে বাবলুর বাড়ির সামনে সৈকত পাড়া গ্রামের সড়কে ৯ দশমিক ৯৬ মিটার দৈর্ঘ্যের বক্স কালভার্ট নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩১ লাখ ৫৫ হাজার ৬৪০ টাকা এবং চুক্তিমূল্য ২৯ লাখ ৭৯ হাজার ৮৬০ টাকা। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় নীলফামারী সদর উপজেলার কুখাপাড়া, চিনির মোড় এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শিরিন সুলতানা। প্রকল্পের কাজ ২০২৪ সালের ৬ জুন শুরু হয়ে ২০২৫ সালের ৩০ জুন শেষ করার কথা ছিল।
ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফুল আলম জানান, তিনি ডিমলায় যোগদানের আগেই প্রকল্পটির কাজ শুরু হয়েছিল। কার্যালয়ের নথি অনুযায়ী, প্রকল্পটির কাজের অগ্রগতি ৫৫ শতাংশ। ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। প্রয়োজনে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শিরিন সুলতানার প্রতিনিধি নান্টু বলেন, “এটি সরকারি প্রতিষ্ঠানের কাজ। জনগণের কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট দপ্তরে জানাতে হবে। ওই প্রতিষ্ঠানের কাছেই আমাদের জবাবদিহি করতে হয়।” তিনি দাবি করেন, কাজের বিপরীতে তাঁরা এখনো কোনো বিল পাননি। আবহাওয়া অনুকূলে না থাকায় কাজ পুরোপুরি শেষ করে সংশ্লিষ্ট দপ্তরের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি। এখন শুষ্ক মৌসুমে কাজ শেষ করবেন জানিয়ে তিনি বলেন, “কাজ করতে অর্থের প্রয়োজন। ফান্ডের ব্যবস্থা হলে আমরা কাজটি শেষ করব।”
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির বিল না পাওয়ার দাবির সঙ্গে পিআইও কার্যালয়ের দেওয়া তথ্যের অসংগতি পাওয়া গেছে। কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পটির বিপরীতে ঠিকাদার ইতিমধ্যে ৯ লাখ ৮১ হাজার ৫০০ টাকা বিল উত্তোলন করেছেন। ফলে বিল উত্তোলন না করার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির বক্তব্যের সঙ্গে দপ্তরের তথ্যের মিল পাওয়া যায়নি।
ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তোহিদুল ইসলাম বলেন, প্রকল্পটির কাজ ২০২৪-২৫ অর্থবছরের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলে ও শেষ হয়নি কাজ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট