
স্টাফ রিপোর্টার
খুলনার ফুলতলায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি মোহাম্মদ শাহাবুদ্দিন ওরফে শিহাব (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বেজেরডাঙ্গা গ্রামের উকিল উদ্দিনের ছেলে।
রোববার (১৫ নভেম্বর) খুলনা জেলা পুলিশের চলমান অপরাধ দমন ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ফুলতলা থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার শিহাবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ফুলতলা থানা পুলিশ। খুলনা জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফুলতলায় এ অভিযান চালানো হয়।
পুলিশ আরও জানায়, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।