
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করার কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এ আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগের তীর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দের দিকে।
ভুক্তভোগী এক নারী দাবি করেন, তাকে রাত ১২টার দিকে পুকুরপাড়ে দেখা করতে বলেন আশরাফ উদ্দিন আকন্দ। এর বিনিময়ে তাকে একটি ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, এর আগেও ওই নেতার অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ায় সরকার ঘোষিত দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। অভিযোগসংবলিত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয়দের মধ্যে এ নিয়ে চলছে নানা আলোচনা, সমালোচনা ও প্রশ্ন।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আশরাফ উদ্দিন আকন্দ। তিনি বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। প্রায় পাঁচ মাস আগে আমার পা ভেঙেছে, এখনো পুরোপুরি সুস্থ নই। এ অবস্থায় রাত ১২টায় পুকুরপাড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। তিনি আরও দাবি করেন, অভিযোগকারী নারী আগে তার কাছে ঈদের সময় কাপড় ও চালের স্লিপ চেয়েছিলেন, যা দিতে না পারায় ক্ষোভ থেকে এ অভিযোগ করা হয়েছে।
শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ভিডিওটি আমি দেখেছি। আশরাফ উদ্দিন অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর মিথ্যা অভিযোগ প্রমাণিত হলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, সত্য উদঘাটন হলে ভবিষ্যতে এ ধরনের বিতর্কিত ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।