
নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার বিশ্বাসপাড়া (ব্রাকপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, চৌগাছা থানায় কর্মরত এএসআই (নিঃ) মোঃ মোফাজ্জেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় চৌগাছা ব্র্যাক অফিসের পাশের গলিতে মোঃ বাবর আলীর বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে সন্দেহভাজন মোঃ আবু বক্কর সিদ্দিক (৩০) কে আটক করা হয়। পরে তার কাছে থাকা ২০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আবু বক্কর সিদ্দিক চৌগাছা উপজেলার বিশ্বাসপাড়া (ব্রাকপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ মিজানুর রহমান এবং মাতার নাম মোছাঃ জাহানারা বেগম।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (৩১ জুলাই ২০২৬) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চৌগাছা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান আরও জোরদার করা হবে।