
নিজস্ব প্রতিবেদক
খুলনার দিঘলিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নড়াইলের কালিয়া উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাড়ীয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়া উপজেলার উথলী গ্রামের শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), তার শ্যালিকা রুবিয়া (২০) এবং মাত্র ২ বছর বয়সী কন্যাসন্তান মাইমুনা। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শেখ শিহাব অক্ষত থাকলেও মুহূর্তেই তার পরিবারে নেমে আসে শোকের ছায়া। একসঙ্গে স্ত্রী, শ্যালিকা ও আদরের শিশুকন্যাকে হারিয়ে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে মোটরসাইকেলে করে পরিবারের সদস্যদের নিয়ে কালিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন শেখ শিহাব। পথিমধ্যে দিঘলিয়ার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফারজানা, রুবিয়া ও শিশু মাইমুনার মর্মান্তিক মৃত্যু হয়। দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে চালকসহ তিনজন যাত্রী ছিলেন। আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও একটি শিশুর মৃত্যু হয়। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই হৃদয়বিদারক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও সড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।