
নিজস্ব প্রতিবেদক
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বিকেল ২টা ৫৫ মিনিটের দিকে যশোর কোতয়ালী মডেল থানাধীন লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. সালাউদ্দিন খান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় এনায়েতপুর গ্রামের ওলিয়ার মোল্যার দুইচালা টিনের ঘরের সামনে ফাঁকা স্থান থেকে মো. ফুল মিয়া (৪৬) ও মো. ফিরোজ হোসেন (৫০)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের পরিচয় অনুযায়ী, মো. ফুল মিয়া এনায়েতপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে এবং মো. ফিরোজ হোসেন একই গ্রামের ওলিয়ার মোল্যার ছেলে। ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।