
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবনের টাকা নিয়ে বিরোধের জেরে শখের বানু (৫৭) নামে এক নারীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পর ছেলে ইখলাসুর রহমানকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) ভোররাতের দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইখলাসুর রহমান মাদক সেবন করতেন। মাদক সেবনের জন্য টাকা চাওয়া নিয়ে প্রায়ই তার সঙ্গে মা শখের বানুর বাগবিতণ্ডা হতো। ঘটনার আগের রাতেও মাদকের টাকা চেয়ে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
পরে ভোররাতের দিকে ইখলাসুর তার মায়ের কক্ষে প্রবেশ করেন। সেখানে ধারালো অস্ত্র দিয়ে শখের বানুকে জবাই করে হত্যার পর পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। পরে অভিযান চালিয়ে গ্রামের পার্শ্ববর্তী এলাকা থেকে ইখলাসুর রহমানকে আটক করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মাদক সেবন নিয়ে বিরোধের জেরে সন্তান তার মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। মৃতদেহ উদ্ধারের কার্যক্রম চলছে। ঘটনার পর পার্শ্ববর্তী স্থান থেকে ছেলে ইখলাসুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।