
নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের পুরাতন কসবা এলাকার ঢাকা রোডে নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কার্যালয়ের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে কার্যালয় পরিষ্কার করছিলেন এর রক্ষণাবেক্ষণকারী মোহাম্মদ শাহিন। একপর্যায়ে একটি বেঞ্চ সরানোর সময় ইটের ফাঁকে কালো স্কচটেপে মোড়ানো সন্দেহজনক বস্তুটি দেখতে পান তিনি। বিষয়টি পরে স্থানীয় ব্যবসায়ী শরিফুল ইসলামকে জানানো হয়।
খবর পেয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ে উপস্থিত হন। পরে কোতোয়ালি মডেল থানায় খবর দেওয়া হলে উপপরিদর্শক (এসআই) ফজলুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক বস্তুটি উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক ফজলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বস্তুটি কার্যালয়ের ভেতরে রেখে যেতে পারে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন দাবি করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার পর এর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।