
নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে নারকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন হোসেন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জগবাবুর মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন উপজেলার রাজঘাট জাফরপুর এলাকার ইব্রাহিম বাবুর ছেলে। তিনি জগবাবুর মোড় এলাকায় একটি ঢালাই পিলার ফ্যাক্টরিতে কর্মচারী হিসেবে কাজ করতেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার ফ্যাক্টরি ছুটি থাকায় ইমন নিজ দায়িত্বে নারকেল গাছের পাতা কাটতে গাছে ওঠেন। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই গাছের ওপর অচেতন হয়ে পড়েন তিনি। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে স্থানীয়রা তাকে গাছ থেকে উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইমন হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী ফাতেমা খাতুন বলেন, আমার স্বামী ছুটির দিনে নারকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর আমি বিষয়টি জানতে পারি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নিহতের বাড়ির পরিবেশ। অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।