
নিজস্ব প্রতিবেদক
খুলনা নগরীর নিরালা এলাকায় প্রকাশ্যে মোস্তাকিন নামে এক যুবককে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহার করছিলেন মোস্তাকিন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার পিঠ ও কোমরে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে সড়কের ওপর পড়ে যান মোস্তাকিন। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে এবং কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহার করছিলেন মোস্তাকিন। এ সময় দুর্বৃত্তরা তার পিঠ ও কোমরে ছুরি দিয়ে আঘাত করে। ছুরিকাঘাতেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।