
নিজস্ব প্রতিবেদক
যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসির (লোকাল ইন্টেলিজেন্স সেল) ধারাবাহিক অভিযানে হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন, প্রতারণা ও ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ১ লাখ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। একই সময়ে ১২টি ইমো আইডি ও ২৮টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করা হয়েছে। পাশাপাশি নিখোঁজ ব্যক্তি ও ভুক্তভোগী উদ্ধারে থানা পুলিশকে সহায়তা করে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে উদ্ধার করা মোবাইল ফোন ও নগদ অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম পিপিএম-সেবা। তিনি উদ্ধার করা মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে যশোর জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরিভুক্ত হারানো ৬০টি মোবাইল ফোন প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে উদ্ধার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি। পরে যাচাই-বাছাই শেষে ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ ছাড়া ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ১১ জন ভুক্তভোগীর নগদ ও বিকাশের মোট ১ লাখ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অর্থও সংশ্লিষ্ট ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করা হয়। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসির তথ্যমতে, আগস্ট মাসে ১২টি ইমো আইডি এবং ২৮টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করা হয়েছে। বিভিন্ন থানায় নিখোঁজ ব্যক্তি ও ভুক্তভোগী উদ্ধারে সহায়তা করে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন থানার ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তারেও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর সহযোগিতা করেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলা, প্রতারণার শিকার মানুষের অর্থ ও তথ্য উদ্ধারে এবং নিখোঁজ ব্যক্তিদের শনাক্তে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর নিয়মিতভাবে কাজ করছে। অনুষ্ঠানে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোরের সদস্যরা উপস্থিত ছিলেন। আগস্ট ২০২৬-এর উদ্ধার ও সেবার চিত্র: হারানো মোবাইল উদ্ধার: ৬০টি
ইমো আইডি পুনরুদ্ধার: ১২টি
হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার: ২৮টি
ভুক্তভোগী উদ্ধারে সহায়তা: ৬ জন
নগদ/বিকাশের অর্থ উদ্ধার: ১১ জনের ১ লাখ ৩২ হাজার টাকা। স্লোগান: “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি।”