
নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুরে সনাতনী পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও ও তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছে যশোর জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম পিপিএম-সেবা। তিনি বলেন, যশোরে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বসবাস করে আসছেন। জেলার এই সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলে পুলিশ মনে করছে। মনিরামপুরের সনাতনী পল্লীতে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের দাবিতে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, যশোর জেলায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। পুলিশের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তাই যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার না করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে। এ ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ বা প্রচারণা ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। যশোর জেলা পুলিশ সবাইকে গুজবে কান না দিয়ে যেকোনো তথ্যের সত্যতা যাচাই করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে।