
নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকদের ফোনকল রিসিভ না করার ঘোষণা দিয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। সম্প্রতি এক সংবাদকর্মীর সঙ্গে তার কথোপকথনের একটি রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ঘোষণা দেন ওসি মেহেদী হাসান।
ওসির এমন ঘোষণায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিক নেতারা বলছেন, সংবাদ সংগ্রহ ও তথ্য যাচাইয়ের প্রয়োজনে পুলিশসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিয়মিত যোগাযোগ করতে হয়। এ অবস্থায় কোনো কর্মকর্তার পক্ষ থেকে সাংবাদিকদের ফোনকল গ্রহণ না করার ঘোষণা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। সভায় ওসি মেহেদী হাসান বলেন, “আপনারা আমার অনুমতি ছাড়া মোবাইল ফোনে কথোপকথন রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়েছেন। এটা ঠিক হয়নি। এ কারণেই আমি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, আমি আমার মতো করে ব্যবস্থা নেব। তবে আমার দাবি, আপনারা তার বিরুদ্ধে সম্মিলিতভাবে ব্যবস্থা নেন। এ বিষয়ে প্রেসক্লাব কোটচাঁদপুরের সভাপতি কাজী মৃদুল বলেন, একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন ঘোষণা প্রত্যাশিত নয়। সংবাদ সংগ্রহের প্রয়োজনে সাংবাদিকদের প্রায়ই থানার ওসির সহযোগিতা প্রয়োজন হয়। তিনি ওসির বক্তব্য প্রত্যাহার করে সাংবাদিকদের সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন। কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ বাশারও ওসির ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসাইন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান। এছাড়া প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।