
নিজস্ব প্রতিবেদক
যশোরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও আবেদন শোনা হয়। পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
সভায় গত মাসের বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাঁদের সুবিধা-অসুবিধা ও বিভিন্ন আবেদন পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং কিছু বিষয়ে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেন।
ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে আগস্ট ২০২৬ মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন কোতোয়ালি মডেল থানার ওসি মো. কবির হোসেন। একই সময়ে শ্রেষ্ঠ এসআই হিসেবে শার্শা থানার এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে চৌগাছা থানার এএসআই (নিঃ) কাজল কুমার দাস পুরস্কৃত হন। সভা শেষে যশোর জেলা পুলিশে কর্মরত একজন নন-পুলিশ সদস্যকে অবসরজনিত (পিআরএল) বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, পুলিশ হাসপাতালের চিকিৎসক, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, জেলার সব থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।