
নিজস্ব প্রতিবেদক
যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে। জেলার ৯টি থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ট্রাফিক পুলিশ যৌথভাবে জেলার ৪৪টি স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে ১ হাজার ৪০০টির বেশি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি তল্লাশি করা হয়। এ সময় ৬২টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এ ছাড়া সাতটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ১২টি ইয়াবা বড়ি, ৩০০ গ্রাম গাঁজা ও তিন পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এসব ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম পিপিএম (সেবা) বলেন, জেলা পুলিশের সার্বিক দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণের অংশ হিসেবে এ বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হবে। জেলা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। পুলিশের স্লোগান: মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি।