
নিজস্ব প্রতিবেদক
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ১০২টি ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) জেলার কোতোয়ালি মডেল ও চৌগাছা থানা এলাকায় অভিযান দুটি চালানো হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টা ৫ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানার ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঁচবাড়িয়া গ্রামে যশোর-মাগুরা মহাসড়কের পাশে ক্যাফে গ্রিন সিটি রেস্টুরেন্টের গেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় মো. শাওন রেজা (২৮) নামের এক ব্যক্তিকে ৫২টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে ডিবির একটি দল। গ্রেপ্তার শাওন রেজা কোতোয়ালি মডেল থানার বড় বালিয়াডাঙ্গা (মধ্যপাড়া) গ্রামের শাহিনুর রহমান ও নার্গিস পারভিনের ছেলে।
অন্যদিকে, একই দিন বিকেল ৪টা ৫ মিনিটে চৌগাছা থানার পাশাপোল ইউনিয়নের বানরহুদা গ্রামের আম-জামতলা বাজারে অভিযান চালায় ডিবি পুলিশের আরেকটি দল। ইমরান ট্রেডার্সের সামনে থেকে মো. ইমরান হোসেন (৩৯) নামের একজনকে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
ইমরান হোসেন বানরহুদা (আম-জামতলা বাজার) এলাকার আকিমুল ইসলাম ও রুপালী বেগমের ছেলে। ডিবি যশোরের পৃথক অভিযানে গ্রেপ্তার দুজনের কাছ থেকে মোট ১০২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ডিবি পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরে বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।