1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

চৌগাছা উপজেলার স্বরূপদাহে সার ডিলারশিপ নিয়োগে আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগ: বঞ্চিত ত্যাগী বিএনপি নেতা

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি / চৌগাছা সংবাদদাতা:
যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নে কৃষি মন্ত্রণালয়ের অধীন সারের বিসিআইসি/বিএডিসির ডিলারশিপ নিয়োগে নীতিমালার তোয়াক্কা না করে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী ডিলারশিপের জন্য নিজস্ব উপযুক্ত গোডাউন থাকা অন্যতম প্রধান পূর্বশর্ত হলেও, সেই শর্ত না মেনেই ডিলারশিপ দেওয়া হয়েছে ‘মেসার্স মাহিম এন্টারপ্রাইজ’-এর মালিক মোঃ জাহাঙ্গীর আলমকে। এই অনিয়মের প্রতিকার ও সুষ্ঠু তদন্তের দাবিতে যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা এবং মেসার্স ফয়সাল স্টোরের মালিক মোঃ হাবিবুর রহমান।
লিখিত চিঠিতে ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বরূপদাহ ইউনিয়নে সার ডিলার নিয়োগ নীতিমালার ১.৩, ৩.১ এবং ৩.৬ ধারা সম্পূর্ণরূপে ব্যাহত করা হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি কর্তৃক জেলায় চূড়ান্ত সুপারিশের জন্য যে ৩টি প্রতিষ্ঠানের নাম পাঠানো হয়েছিল—মেসার্স মাহিম এন্টারপ্রাইজ, মেসার্স আলেয়া ট্রেডার্স ও এ এইচ ট্রেডার্স—তার মধ্যে মাহিম এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর আলম ব্যতীত নীতিমালার শর্ত পূরণকারী প্রকৃত ব্যবসায়ীদের এড়িয়ে যাওয়া হয়েছে।
সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, ডিলারশিপ চূড়ান্ত হওয়ার পূর্ব পর্যন্ত মাহিম এন্টারপ্রাইজের কোনো নিজস্ব বা চুক্তিভিত্তিক উপযুক্ত গোডাউন ছিল না। সার ডিলারশিপ নিশ্চিত হওয়ার পর বর্তমানে তিনি গোডাউন ভাড়া নেওয়ার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী মহলকে বিশাল অঙ্কের আর্থিক সুবিধা প্রদান করে নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে এই ডিলারশিপ বাগিয়ে নিয়েছেন জাহাঙ্গীর আলম।
অন্যদিকে, ইউনিয়নবাসীর অভিযোগ—সার ব্যবসার দীর্ঘ অভিজ্ঞতা এবং সকল পূর্বশর্ত পূরণ করা সত্ত্বেও রাজনৈতিক ত্যাগ ও সুনামের অধিকারী প্রকৃত ব্যবসায়ী মেসার্স ফয়সাল স্টোরের মালিক মোঃ হাবিবুর রহমানকে পরিকল্পিতভাবে তালিকার বাইরে রাখা হয়েছে।
জানা যায়, মোঃ হাবিবুর রহমান বিগত ২৬ বছর ধরে সফলতার সাথে সারের ব্যবসার সাথে সরাসরি জড়িত এবং এলাকায় তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। একই সাথে তিনি স্বরূপদাহ ইউনিয়নের ১৪ বছর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও থানা বিএনপির সহ-সভাপতি। আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে বিএনপির দুর্ধিনকালে রাজপথে সক্রিয় থাকায় তাঁর নামে ২টি রাজনৈতিক নাশকতার মামলা হয় এবং তিনি দু’বার কারাবরণ করেন। আগামী আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিনি স্বরূপদাহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী। ডিলারশিপ পাওয়ার জন্য তাঁর বিশাল ও উপযুক্ত গোডাউন সহ সব শর্ত পূরণ থাকা সত্ত্বেও উপজেলা যাচাই-বাছাই কমিটি তাঁর নামটি বাদ দিয়ে জেলায় সুপারিশ পাঠায়।
এ বিষয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে হাবিবুর রহমান বলেন,

“সারাজীবন বিএনপি করলাম, রাজপথে মামলা-হামলা, জেল-জুলুম সহ্য করলাম। আর ডিলারশিপ পায় সে, যার কোনো গোডাউনই নেই! যে ব্যক্তি বিগত ১৭ বছর আওয়ামী লীগের সাথে সখ্য রেখে সকল সুবিধা ভোগ করেছে এবং যার বিরুদ্ধে সার নিয়ে বিভিন্ন কারসাজির অভিযোগ রয়েছে, আজ সে পায় সারের ডিলারশিপ। আর সার ব্যবসার ২৬ বছরের অভিজ্ঞতা ও উপযুক্ত গোডাউন থাকা সত্ত্বেও আমাদের মতো ত্যাগী ব্যবসায়ীদের বঞ্চিত করা হলো।”
ডিলারশিপ নিয়োগের এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমগ্র স্বরূপদাহ ইউনিয়ন জুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সচেতন ইউনিয়নবাসীর দাবি—স্বচ্ছতা ফিরিয়ে আনতে অনতিবিলম্বে নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে প্রদত্ত ডিলারশিপ বাতিল করে সরেজমিনে নিরপেক্ষ তদন্তপূর্বক যোগ্য ও শর্তপূরণকারী ব্যবসায়ীকে নিয়োগ দিতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট