1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

খুলনায় ১৪ ঘণ্টার ব্যবধানে দুই খুন, মায়ের সামনেই মেয়েকে গুলি করে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

নিজেকে ‘মিরাজ’ পরিচয় দিয়ে স্বামী বাবুর খোঁজ, উত্তর দেওয়ার পরই হামলা, সকালে যুবক, সন্ধ্যায় নারী খুন; মাদক ও সন্ত্রাসী গ্রুপের বিরোধের তথ্য পুলিশের

খুলনা নগরীতে প্রায় ১৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে পূর্ব বানিয়াখামার এলাকায় তুষার (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। একই দিন সন্ধ্যায় লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকায় খুশি বেগম (২৪) নামে এক নারীকে তাঁর মায়ের সামনেই গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরপর দুটি হত্যাকাণ্ডে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মায়ের সামনেই গুলি, পরে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর লবণচরা থানার জিন্নাহপাড়ার বউবাজার এলাকার ৭ নম্বর রোডের টাওয়ার গলির মুখে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত খুশি বেগম ওই এলাকার খোকনের মেয়ে এবং সুমন হাওলাদার ওরফে ব্লেড বাবুর স্ত্রী। তাঁর একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

খুশির মায়ের বর্ণনা অনুযায়ী, সন্ধ্যায় বাজার শেষে তিনি মেয়েকে সঙ্গে নিয়ে রিকশায় করে বাসার গলির মুখে পৌঁছান। বাসার সামনে খুশি রিকশা থেকে নামার পর মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তাঁদের কাছে আসে। তাদের একজন নিজেকে মিরাজ পরিচয় দিয়ে খুশির কাছে তাঁর স্বামী বাবুর কথা জানতে চায়। খুশি কোথায় গেছেন, তা জানেন না বলে জানান। এরপরই এক হামলাকারী তাঁর মেয়েকে গুলি করে এবং অপরজন ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গুলিবিদ্ধ হয়ে খুশি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীদের একজন তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে আরও একবার গুলি করে। পরে অপরজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় খুশিকে স্থানীয় লোকজনের সহায়তায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁর মা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মাদকসংক্রান্ত বিরোধের সন্দেহ পুলিশের। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরে খুশিকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর স্বামী সুমন সরদার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে বলে জানান ওসি।

তবে হত্যার প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

ভোরে গুলিতে প্রাণ যায় তুষারের

এর আগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় খাদেমুল উলুম মাদ্রাসার সামনে তুষার (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে আগ্নেয়াস্ত্র বের করে গুলি ছোড়া হয়। এতে তুষারের পিঠে গুলি লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে সদর থানা পুলিশ তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কিছু দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করা হয়। খুলনা থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, তুষার কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত পলাশ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। প্রতিপক্ষ গ্রুপের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা। সদর থানার ওসি লোকমান হোসেন রিপন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। নিহত তুষারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে। একই দিনে নগরীর পৃথক এলাকায় দুই হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধী চক্রের তৎপরতা, মাদককেন্দ্রিক বিরোধ এবং অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এক ঘটনায় প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের বিরোধের কথা বলছে পুলিশ, অন্য ঘটনায় উঠে এসেছে মাদকসংক্রান্ত বিরোধের তথ্য। তবে এসব বক্তব্যের পূর্ণ সত্যতা তদন্তসাপেক্ষ। দুটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, হত্যার নেপথ্যের কারণ উদ্‌ঘাটন, অস্ত্রের উৎস শনাক্ত এবং নগরীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা এখন জরুরি। বিশেষ করে একজন মায়ের চোখের সামনে তাঁর মেয়েকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। নগরবাসীর প্রত্যাশা, পুলিশ দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট