
নিজস্ব প্রতিবেদক
ঝিকরগাছায় ভাইকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা দাবি, পকেট থেকে আড়াই হাজার টাকা নেওয়া ও মারধরের অভিযোগ; সিসিটিভি ফুটেজের কথা উল্লেখ করে আদালতে অভিযোগ।
যশোরের ঝিকরগাছায় এক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়, অতিরিক্ত অর্থ দাবি এবং থানার সামনে প্রকাশ্যে মারধরের অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলায় ঝিকরগাছা থানার এএসআই আশরাফুল আলমকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার কৃষ্ণনগর এলাকার মৃত মোজাফ্ফরের ছেলে আসাদুজ্জামান বাদী হয়ে আদালতে মামলাটি করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে এএসআই আশরাফুল আলম কয়েকজনকে সঙ্গে নিয়ে বাদীর বাড়িতে যান। এ সময় তাঁরা বাদীর সেজো ভাই মো. রেজাউল করিমকে খুঁজতে থাকেন। তাঁকে বাড়িতে না পেয়ে বাদীর কাছে ১০ হাজার টাকা দাবি করা হয়। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ওই টাকা ব্যবস্থা করে দিতে বলা হয়।
অভিযোগে আরও বলা হয়, পরদিন ২৪ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে রেজাউল করিমের ব্যবহৃত মোবাইল ফোন থেকে বাদীর কাছে কল আসে। তখন তিনি জানতে পারেন, তাঁর ভাইকে ঝিকরগাছা থানা-পুলিশ গ্রেপ্তার করেছে। পরে ভাইয়ের ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ আনতে তিনি থানায় যান।
সেখানে ডিউটি অফিসারের কক্ষের সামনে থেকে তাঁকে হাজতখানার সামনে নিয়ে যান এএসআই আশরাফুল আলম। এ সময় তাঁর প্যান্টের বাঁ পকেট থেকে নগদ ২ হাজার ৫০০ টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন বাদী। পাশাপাশি আরও চার থেকে পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তাঁর ভাইয়ের মোটরসাইকেল ও মোবাইল ফোন আটকে রাখা হয় এবং মানিব্যাগ দিতে অস্বীকৃতি জানানো হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, পরে থানা থেকে বের হওয়ার সময় মানিব্যাগটি নিচে পড়ে যায়। সেটি তুলতে যাওয়ার মুহূর্তে এএসআই আশরাফুল আলম তাঁকে সজোরে থাপ্পড় মারেন এবং ভয়ভীতি দেখান। পুরো ঘটনাটি থানার সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও আদালতে দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন বাদী।
অভিযোগ আমলে নিয়ে আদালতের বিচারক মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।