
নিজস্ব প্রতিবেদক
যশোরের বসুন্দিয়া বাজার সংলগ্ন এলাকায় সরকারি প্রকল্পের আওতায় সেতু নির্মাণের পাইলিং কাজে নদীর পাড়ের মাটি কেটে নদী তীরবর্তী অংশ ভরাট এবং ঠিকাদার প্রতিষ্ঠানের নির্মাণসামগ্রী রাখার স্থান তৈরির অভিযোগে নওয়াপাড়া প্রতিদিন এ সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আজ বৃহস্পতিবার বিকেলে বিআইডব্লিউটিএর উপপরিচালক মাসুদ পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নদীর পাড়ের মাটি কাটার বিষয়টি সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।
পরে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে নদীর পাড়ের মাটি কাটা ও নদী তীরবর্তী এলাকায় নির্মাণসামগ্রী রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে, সরকারি প্রকল্পের সেতু নির্মাণের পাইলিং কাজে নদীর পাড়ের মাটি কেটে নদী তীরবর্তী অংশ ভরাট এবং সেখানে ঠিকাদার প্রতিষ্ঠানের নির্মাণসামগ্রী রাখার স্থান তৈরির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে।
স্থানীয়দের অভিযোগ, নদীর পাড়ের মাটি কাটা হলে নদীর স্বাভাবিক তীররক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভাঙন ও নৌপথের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এ কারণে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বিআইডব্লিউটিএর উপপরিচালক মাসুদ পারভেজের ঘটনাস্থল পরিদর্শন ও কাজ বন্ধের নির্দেশের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে নদীর পাড়ের মাটি কাটার ঘটনায় পরবর্তী সময়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়, সেটিই এখন দেখার বিষয়। বিআইডব্লিউটিএর উপপরিচালক মাসুদ পারভেজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসে ঘটনা স্থল পরিদর্শন করেছি তাদের কাজ বন্ধের নোটিশ দিয়েছি পরবর্তীতে নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে।