
নিজস্ব প্রতিবেদক, অভয়নগর (যশোর):
উপজেলা বিএনপির সদস্য এবং ইউনিয়ন বিএনপির সদস্য কিন্তু বিগত ১৭ বছর তিনি নিজেকে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দিতেই বেশি গর্ববোধ করতেন। বিগত আওয়ামী আমলে বিএনপির কোনো নেতাকর্মীর কোনো খোঁজখবর তিনি কখনোই নেননি বলে সুনির্দিষ্ট অভিযোগ আছে। ইউনিয়নবাসীর জোরালো অভিযোগ—আওয়ামী আমলে সব সুযোগ-সুবিধা তিনি নিয়েছেন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও তিনি পুনরায় সুবিধা নেওয়ার পায়তারা করছেন। আর এই ব্যক্তিটি হচ্ছেন যশোর জেলার অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব শেখ আবুল কাশেম।
ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতাকর্মীর অভিযোগ, জনাব শেখ আবুল কাশেম ২০১৪ সালের পর থেকেই আওয়ামী লীগ ঘেঁষা হয়ে যান এবং ধীরে ধীরে তিনি যশোর-৪ আসনের তৎকালীন আওয়ামী সংসদ সদস্য জনাব রণজিত রায়ের খুব কাছের মানুষ হয়ে ওঠেন। রণজিত রায়কে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন বলেও অভিযোগ রয়েছে এবং এই সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে গত কয়েকদিন যাবত।
এরই ধারাবাহিকতায় ২০২১ সালে তিনি স্থানীয় সরকার ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হন—যে নির্বাচন বিএনপি আনুষ্ঠানিকভাবে বর্জন করেছিলো, এবং উনি দলের বাইরে গিয়ে ওই নির্বাচন করেন। আওয়ামী লীগের খুব কাছের মানুষ হওয়ার সুবাদে আওয়ামী লীগ তাকে ওই নির্বাচনে জয়যুক্ত করে আনে। নির্বাচনে জয়লাভ করার পর তিনি ধরাকে সরা জ্ঞান করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেপড়ে লাগেন। অভিযোগ আছে, শেখ আবুল কাশেমের অত্যাচারে ইউনিয়নের কোনো বিএনপি নেতাকর্মী ঠিকমতো বাড়ীতে ঘুমাতে পারেননি। তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে যে, ইউনিয়নে কার কার নামে কয়টা রাজনৈতিক গায়েবি মামলা হবে, সেটা নাকি এই আবুল কাশেম নিজে ঠিক করে দিতেন। নামে বিএনপি কিন্তু কাজে তিনি ছিলেন আওয়ামী লীগের নেতা; কিছু কিছু ক্ষেত্রে তিনি আওয়ামী লীগের থেকেও বড় আওয়ামী লীগের পরিচয় দিয়েছেন বলে তার বিরুদ্ধে ব্যাপক জনরোষ ও অভিযোগ রয়েছে।
এমনকি জাতীয় নির্বাচনে তিনি দলীয় প্রতীক ধানের শীষের বিপক্ষে কাজ করছেন বলেও ইউনিয়নবাসীর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা বলেন—শেখ আবুল কাশেম এই জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ না করে মূলত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (দাঁড়িপাল্লা) পক্ষে কাজ করেছেন। এই সংক্রান্ত জাতীয় নির্বাচনের পরপরই একটি অডিও ফাঁস হয়েছিলো, যেখানে যে বা যারা ধানের শীষের বিপক্ষে কাজ করেছিলো তাদের মধ্যে অন্যতম প্রধান নাম ছিলো এই শেখ আবুল কাশেম।
সেই অডিওতে স্পষ্ট বলা হয়েছে, কে কিভাবে কত টাকার বিনিময়ে ধানের শীষের প্রার্থীকে হারানোর জন্য ভোটারদের মাথা পিছু কত টাকা করে দিয়ে ধানের শীষকে পরাজিত করা হয়েছে এই আসনে। অর্থাৎ, ধানের শীষকে হারানোর জন্য যশোর-৪ আসনে যে বিএনপির একটি কুচক্রী সিন্ডিকেট কাজ করেছিলো, সেই সিন্ডিকেটের অন্যতম মূল সদস্য ছিলো এই শেখ আবুল কাশেম।
রাজনৈতিক দেউলিয়াপনার পাশাপাশি তার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ হচ্ছে—তিনি তার ইউনিয়নের একটি কিন্ডারগার্টেনের নামে সরকারি বরাদ্ধের ২,০০,০০০ টাকা তুলে নিজের পকেটে পুরেছেন এবং রাস্তার উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৮০,০০০ টাকাও একইভাবে তুলে নিয়েছিলেন। তার এই সমস্ত অনিয়ম ও দুর্নীতি নিয়ে তৎকালীন সময়ে শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ‘প্রথম আলো’-তে একটি অনুসন্ধানী সংবাদও প্রকাশিত হয়েছিলো। কিন্তু তৎকালীন আওয়ামী লীগের উর্ধ্বতন নেতাদের বিশেষ কৃপা ও প্রেম-পিরিতির ভাজন হওয়ায় শেখ আবুল কাশেমের চেয়ারে কেউ হাত দিতে পারেনি।
এসব নানা বিষয়ে কথা হয় সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির এক শীর্ষ নেতার সাথে। তিনি আক্ষেপ করে বলেন—”সারাজীবন আওয়ামী লীগের সাথে প্রেম-প্রেম খেলা খেললো, জাতীয় নির্বাচনে বিএনপির সাথে চরম বেঈমানি করলো, তারপরেও তার কিছুই হয় না! আর এই ব্যক্তিটি এখন আবার চেয়ারম্যান নির্বাচন করতে চায়। এই দুংখ আমরা কোথায় রাখি বলেন ভাই?”
এদিকে আবুল কাশেমের বিষয়ে কথা হয় সিদ্ধিপাশা ইউনিয়নের বিএনপির এক প্রবীন নেতার সাথে – তিনি বলেন কাশেম বিএনপির নাম ভাঙিয়ে এখনো আওয়ামীলীগের নেতা কর্মীর সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। বিষয়টি উপজেলার অনেক নেতা কর্মী জানে কিন্তু তাকে কেউ কিছু বলছে না ।
এদিকে, এই সমস্ত সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে কথা হয় বর্তমান ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেমের সাথে। তিনি জানান, তার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। একটি কুচক্রী রাজনৈতিক পক্ষ তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে তাকে সামাজিকভাবে হেয় করার জন্য। তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনে তিনি ধানের শীষের পক্ষেই কাজ করেছেন। তবে বিগত দিনে আওয়ামী লীগের সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠতার বিষয়টি তিনি সাংবাদিকের প্রশ্নের মুখে কৌশলে এড়িয়ে যান।