
নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা (যশোর):
যশোরের বেনাপোলের আলোচিত হত্যা মামলার আসামি এবং আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী মুহাম্মদ আলীকে ঝিকরগাছায় গণপিটুনি ও কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেলে ঝিকরগাছা উপজেলা সদর সংলগ্ন কৃষ্ণনগরে তার ভাড়া বাসার সামনে এই ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে নেতিবাচকভাবে তুলে ধরার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুহাম্মদ আলীর মূল বাড়ি বেনাপোলে হলেও নিজ এলাকায় থাকতে সমস্যা হওয়ায় তিনি ঝিকরগাছা উপজেলা সদরের কৃষ্ণনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার বিরুদ্ধে বেনাপোলের আলোচিত আলীম হত্যা মামলাসহ অন্তত আটটি মামলা চলমান রয়েছে। তিনি এলাকায় একজন দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। সম্প্রতি ঝিকরগাছার স্থানীয় কিছু ব্যক্তির সাথে তার ব্যক্তিগত ও আর্থিক লেনদেনের বিষয়টি জানাজানি হয় এবং তার চালচলন ও গতিবিধিতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সন্দেহ বাড়ে। পরে স্থানীয় লোকজন জানতে পারে যে, তিনি বেনাপোলের কুখ্যাত আওয়ামী সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মুহাম্মদ আলী। এরই ধারাবাহিকতায় গত সোমবার বিকেলে স্থানীয় কিছু জনতা তার ওপর চড়াও হন এবং তাকে বেদম মারধর ও কুপিয়ে জখম করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণপিটুনি ও কোপানোর ফলে মুহাম্মদ আলীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জরুরি ভিত্তিতে যশোর জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) পাঠানোর পরামর্শ দেন। পরবর্তীতে অ্যাম্বুলেন্সযোগে যশোরে নেওয়ার পথে সেখানে ভর্তি না করিয়ে তার স্ত্রী তাকে খুলনায় নিয়ে যান। অন্যদিকে, রাজনৈতিক পরিচয় ও আতঙ্কের কারণে ঘটনা ঘটার প্রায় দুই ঘণ্টা পর ঝিকরগাছা থানাকে বিষয়টি জানানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে ঝিকরগাছা থানার এসআই মো. হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। কিন্তু ততক্ষণে মুহাম্মদ আলী ও তার স্ত্রী অ্যাম্বুলেন্সযোগে যশোরের কাছাকাছি পৌঁছে যান এবং পরে তিনি খুলনার একটি হাসপাতালে ভর্তি হন বলে জানা যায়।
এদিকে, ঘটনার দীর্ঘ সময় পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে—এমন অভিযোগ তুলে পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয় মহলে নানা গুঞ্জন ও সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন থানা প্রশাসন। অথচ এখানে পুলিশের হাত থেকে পালানোর কোনো বিষয় ছিল না; তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরাই তাকে ঝিকরগাছা থেকে যশোরে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। অন্যদিকে, মারধরের প্রায় দুই ঘণ্টা পর প্রশাসনকে কেন জানানো হলো, সে বিষয়ে কেউ মুখ খুলছেন না।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এই বিষয়টিকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল সম্পূর্ণ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা মূল খলনায়ক (ভিলেন) হিসেবে ঝিকরগাছা থানা প্রশাসনকে জনগণের সামনে দাঁড় করানোর পাঁয়তারা করছে। অথচ পুলিশের কাছ থেকে সুযোগ বুঝে আসামি পালিয়ে গেছে—এমন অভিযোগ নিতান্তই অবান্তর।
এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা বিএনপির এক নেতার সাথে কথা হলে তিনি জানান, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী চায় না বর্তমান ওসি এখানে থাকুন। মূলত সেই উদ্দেশ্যেই একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিল করতে সমস্ত দায় পুলিশের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমি একটি মামলার সাক্ষ্য দিতে সিলেটে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পর বিষয়টি জানতে পারি। আমাদের জানানো হয়েছে ঘটনা ঘটার প্রায় দুই ঘণ্টা পর। আমরা যতটুকু জানি, মুহাম্মদ আলীকে তার বাসার সামনে মারধর করা হয়েছে এবং সেখান থেকে তার স্ত্রী তাকে প্রথমে ঝিকরগাছা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়, কিন্তু তার স্ত্রী যশোরে না নিয়ে তাকে খুলনায় নিয়ে পালিয়ে যান। এখানে পুলিশি হেফাজত থেকে পালানোর কোনো বিষয় নেই। আমাদের ফোর্স ঘটনাস্থলে যাওয়ার আগেই আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অথচ বিনা কারণে সমস্ত দোষ এখন পুলিশের ওপর চাপানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”