
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের কর্ণাটকের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ ছদ্মবেশে গণপরিবহন পরিদর্শনে গিয়ে সাধারণ যাত্রীদের নিত্যদিনের ভোগান্তির বাস্তব চিত্রের মুখোমুখি হয়েছেন। ১০০ রুপির নোটের ভাঙতি না থাকায় এক বাস কন্ডাক্টর তাকে বাস থেকে নামিয়ে দেন, যা এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রোববার (১২ জুলাই) টাইমস অব ইন্ডিয়া-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১১ জুলাই) রাতে বেঙ্গালুরুর বাসসেবা পরিদর্শনের অংশ হিসেবে মুখে মাস্ক পরে সাধারণ যাত্রীর বেশে হেব্বাল থেকে নাগাশেট্টিহাল্লিগামী একটি বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশন (বিএমটিসি) বাসে ওঠেন সুরেশ। তিনি কন্ডাক্টরকে ১০০ রুপির একটি নোট দিয়ে দুটি টিকিট চান। এ সময় কন্ডাক্টর তার কাছে ভাঙতি চাইলে মন্ত্রী জানান, তার কাছে খুচরা নেই। জবাবে কন্ডাক্টর নিজের টাকার ব্যাগ দেখিয়ে বলেন, তার কাছেও পর্যাপ্ত ভাঙতি নেই। শেষ পর্যন্ত ভাঙতি দিতে না পারায় ওই কন্ডাক্টর তাকে বাস থেকে নেমে যেতে বলেন। মুখে মাস্ক থাকায় কন্ডাক্টর বুঝতেই পারেননি, যাত্রীটি আসলে রাজ্যের পরিবহনমন্ত্রী।
মন্ত্রী কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নীরবে বাস থেকে নেমে যান। সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত তিনি জয়মহল, টিভি টাওয়ার, আরটি নগর, সিবিআই রোড, হেব্বাল, মান্যতা টেক পার্ক, নাগাওয়ারা, হেন্নুর, হেন্নুর বান্দে, বায়রাথি বান্দে ও গেদ্দালাহাল্লি রুটে গণপরিবহন সেবা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি অল্প দূরত্বের জন্য একটি অটোরিকশাতেও ভ্রমণ করেন। নাগাশেট্টিহাল্লি এলাকায় যাত্রা শেষে মিটারে ভাড়া ৩০ রুপি দেখালেও চালক তার কাছে ৩৬ রুপি দাবি করেন। কারণ জানতে চাইলে চালক জানান, মিটারটি পুনরায় ক্যালিব্রেট করা হবে। শেষ পর্যন্ত মন্ত্রী ৪০ রুপি পরিশোধ করে অটো থেকে নেমে যান।
এই ঘটনাকে কেন্দ্র করে গণপরিবহনে যাত্রীদের প্রতিদিনের ভোগান্তি ও অনিয়মের বাস্তব চিত্র আবারও সামনে এসেছে।