
বিশেষ প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল পরিস্থিতিতে দেশের তৈরি পোশাক খাতে বড় ধরনের সিদ্ধান্ত নেয় শিল্প মালিকরা। চলমান আন্দোলন ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সারাদেশের সব তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
২০২৪ সালের ৪ আগস্ট বিজিএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সংগঠনটির তৎকালীন সভাপতি এস এম মান্নান কচি স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক-কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো। দেশের অর্থনীতির অন্যতম প্রধান রপ্তানিমুখী খাত হিসেবে তৈরি পোশাক শিল্প দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তবে সে সময়ের অস্থিতিশীল পরিস্থিতি, আন্দোলনের বিস্তৃতি এবং নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে এই নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়াই ছিল এ সিদ্ধান্তের মূল লক্ষ্য। যদিও এতে সাময়িকভাবে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে প্রভাব পড়ে, তবুও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এটি ছিল সময়োপযোগী পদক্ষেপ।