
বিনোদন ডেস্ক
দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের পর্দা থেকে আড়ালে থাকা ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি এবার নিজের জীবন নিয়ে নতুন উপলব্ধির কথা জানিয়েছেন। অভিনয়ের ব্যস্ততা ও আলোঝলমলে চলচ্চিত্রজগতের বাইরে গিয়ে জীবনের বাকি সময়টা শান্তি, ধর্মীয় অনুশীলন ও আত্মশুদ্ধির মধ্য দিয়ে কাটাতে চান তিনি।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবনভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন পপি। সেখানে তিনি জানান, এখন তার কাছে জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো সুন্দর ও শান্তিপূর্ণভাবে বেঁচে থাকা।
নিজের জীবনের নতুন অধ্যায় নিয়ে পপি বলেন, “সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই। যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। পপির এই বক্তব্যে চলচ্চিত্রের রঙিন জগতের প্রতি তার আগ্রহের পরিবর্তনের পাশাপাশি আত্মশুদ্ধি ও ধর্মীয় জীবনের প্রতি নতুন আকর্ষণের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেত্রী এখন জীবনের বাকি সময়টা কীভাবে কাটাতে চান, সেই ভাবনাই যেন তার কথায় ফুটে উঠেছে। অভিনয় থেকে দূরে থাকার বিষয়ে পপির অবস্থান অবশ্য সময়ের সঙ্গে কিছুটা পরিবর্তিত হয়েছে। ২০২৫ সালে তিনি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রে ফিরলেও যেকোনো কাজ দিয়ে নয়, ভালো ও মানসম্মত কাজের মাধ্যমেই ফিরতে চান।
তবে ২০২৬ সালেও তার চলচ্চিত্রে ফেরার বিষয়টি এখনো নিশ্চিত নয়। ফলে দর্শকদের প্রিয় এই অভিনেত্রী আবারও বড় পর্দায় ফিরবেন কি না, তা নিয়ে কৌতূহল রয়ে গেছে। কুলি’ দিয়ে শুরু, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্বীকৃতি ১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। এরপর দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য বাণিজ্যিক ও প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয় প্রতিভার স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একসময় ঢালিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের অন্যতম ছিলেন পপি। তার অভিনয়, সৌন্দর্য ও জনপ্রিয়তা তাকে দর্শকের কাছে আলাদা জায়গা করে দেয়। করোনাভাইরাস মহামারির সময় শুটিং থেকে দীর্ঘ বিরতিতে ছিলেন পপি। তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে সুস্থ হয়ে উঠলেও ২০২১ সালের শুরু থেকেই মিডিয়াসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ অনেকটাই বন্ধ করে দেন এই অভিনেত্রী। এরপর থেকেই তার হঠাৎ অন্তর্ধান নিয়ে চলচ্চিত্র অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিভিন্ন সময় শোনা যায়, বিয়ে করে সংসারী হয়েছেন তিনি। পরবর্তীতে জানা যায়, পপি সংসারজীবনে প্রবেশ করেছেন এবং তিনি এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত। বর্তমানে তার বয়স প্রায় চার বছর। দীর্ঘদিন পর নিজের জীবনভাবনা নিয়ে পপির এমন বক্তব্যে আবারও আলোচনায় এসেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। চলচ্চিত্রের ঝলমলে জগতের বাইরে তার এই আত্মঅনুসন্ধানের পথ তাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়, সেটিই এখন দেখার বিষয়।