
নিজস্ব প্রতিবেদক
ফাইনালে কোতোয়ালী থানাকে হারিয়ে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন মাহিগঞ্জ, নারী বিভাগে সবুজ দল।
উৎসবমুখর পরিবেশে রংপুরে শেষ হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬। ফাইনালে কোতোয়ালী থানাকে হারিয়ে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মাহিগঞ্জ থানা। নারী বিভাগে লাল দলকে হারিয়ে শিরোপা জিতেছে সবুজ দল।
বুধবার (১ অক্টোবর) রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ উন নবী ডন বলেন, কাবাডি বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি খেলা। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন। কাবাডির পাশাপাশি ফুটবল, হাডুডু, ব্যাডমিন্টন ও ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, টুর্নামেন্টে তরুণ খেলোয়াড়দের ক্রীড়াশৈলী তাঁকে আশাবাদী করেছে। রংপুরের চ্যাম্পিয়ন দল ভবিষ্যতে জাতীয় পর্যায়ে অংশ নিয়ে জেলার গৌরব বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ বলেন, কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য হলো যুবসমাজকে শিকড়ের সঙ্গে সম্পৃক্ত করা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনে উৎসাহিত করা। পুলিশ ও কমিউনিটির পারস্পরিক অংশীদারত্বের মাধ্যমে সুস্থ সমাজ গড়াও এ আয়োজনের লক্ষ্য।
পুলিশ কমিশনার জানান, রংপুর মহানগরের ছয়টি থানার মধ্যে চারটি পুরুষ ও দুটি নারী দল টুর্নামেন্টে অংশ নেয়। খেলোয়াড়দের পারফরম্যান্সে আয়োজকেরা সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা জানান তিনি।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পাশাপাশি বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
আয়োজকেরা জানান, পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানো এবং তরুণদের খেলাধুলামুখী করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে।