
আন্তর্জাতিক ডেস্ক
চট্টগ্রাম বন্দরে পরীক্ষায় ধরা পড়ল নিম্নমান, আংশিক খালাসের পর পুরো চালান ফেরতের সিদ্ধান্ত, দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কা, প্রশ্ন উঠছে যাচাই প্রক্রিয়া নিয়েও
গুণগত মান নির্ধারিত মানদণ্ডে না পৌঁছানোয় ভারত থেকে আমদানি করা প্রায় ১১ হাজার ৫০০ মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চাল ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের বাণিজ্যিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বহুজাতিক কোম্পানির মজুত থেকে ভারতীয় রপ্তানিকারকদের মাধ্যমে চালগুলো বাংলাদেশে সরবরাহ করা হয়েছিল। চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর প্রাথমিক পরীক্ষায় খাদ্যোপযোগী হিসেবে ছাড়পত্র পেলেও, পরবর্তী বিস্তারিত পরীক্ষায় এর মান নির্ধারিত মানের নিচে পাওয়া যায়। ফলে পুরো চালান নিয়ে আপত্তি ওঠে। জানা গেছে, ইতোমধ্যে প্রায় ৩ হাজার ৫০০ মেট্রিক টন চাল খালাস করা হলেও বাকি চালের মান নিয়ে প্রশ্ন ওঠায় শেষ পর্যন্ত পুরো চালান ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
বাণিজ্যসংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এ ঘটনায় বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ প্রক্রিয়া বা সিদ্ধান্ত গ্রহণে কিছুটা বিলম্বও ভূমিকা রাখতে পারে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এ ধরনের ঘটনা ভবিষ্যতে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সূত্রঃ- দ্যা হিন্দু