
আন্তর্জাতিক ডেস্ক
সাবেক প্রেমিকাকে হত্যার পাশাপাশি যৌন নির্যাতন ও জিম্মি করে রাখার পরিকল্পনা নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে ধারাবাহিকভাবে কথোপকথন করার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক সাবেক ব্যাংকারকে গ্রেপ্তার করা হয়েছে। সবচেয়ে আলোচিত বিষয় হলো—তার কথোপকথনের তথ্য এফবিআইয়ের কাছে পৌঁছে দেয় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।
আদালতের নথির বরাত দিয়ে ম্যাসাচুসেটস লয়্যারস উইকলির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ড্যারেন ঝো (২৫)। তিনি ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষক হিসেবে কাজ করতেন। গত মে মাসে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, ঝোর সঙ্গে চ্যাটজিপিটির প্রায় দুই মাসের কথোপকথন পর্যালোচনা করে তারা এমন সব তথ্য পান, যা, রাগকেবলহতাশা কিংবা বিচ্ছেদজনিত আবেগের বহিঃপ্রকাশ ছিল না। বরং ওই কথোপকথনে ধীরে ধীরে সহিংসতার পরিকল্পনা এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন বিষয় উঠে আসে বলে অভিযোগ।
সম্পর্ক ভাঙার পর বাড়তে থাকে ক্ষোভ
আদালতের নথি অনুযায়ী, চলতি বছরের মার্চে প্রায় ছয় মাসের সম্পর্কের ইতি টানেন ঝোর ২১ বছর বয়সী সাবেক প্রেমিকা। ওই নারীর দাবি, ঝোর অস্বাভাবিক, ঈর্ষাপ্রবণ ও নিয়ন্ত্রণমূলক আচরণের কারণে তিনি সম্পর্কটি শেষ করেন। সামনাসামনি বিচ্ছেদ করতে ভয় পাওয়ায় ফোনে সম্পর্কচ্ছেদ করেছিলেন বলেও জানান তিনি।
তদন্তকারীদের কাছে ওই নারী অভিযোগ করেন, বিচ্ছেদের পরও ঝো ফোন, খুদে বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের চেষ্টা চালিয়ে যান। এমনকি তার সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন করতেন।
একপর্যায়ে ওই নারী ঝোর ফোন নম্বর ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেন। অভিযোগ রয়েছে, এরপর বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নতুন নম্বর তৈরি করে ঝো আবারও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এসব বার্তার কিছুতে হয়রানি, অপমানজনক বক্তব্য, যৌন ইঙ্গিত ও হুমকি ছিল বলে তদন্তকারীদের কাছে অভিযোগ করা হয়। ওই নারী পুলিশকে কথোপকথনের স্ক্রিনশটও দেন।
প্রত্যাখ্যাত হলে হত্যার পরিকল্পনার অভিযোগ
তদন্তকারীদের দাবি, একপর্যায়ে ঝো চ্যাটজিপিটির সঙ্গে তার সাবেক প্রেমিকাকে ঘিরে সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অভিযোগ রয়েছে, তিনি সাবেক প্রেমিকার জিমের পার্কিং এলাকায় অপেক্ষা করে ফুল দিয়ে সম্পর্ক পুনরায় শুরুর প্রস্তাব দেওয়ার পরিকল্পনার কথা জানান।
তবে ওই প্রস্তাব প্রত্যাখ্যাত হলে তাকে গুলি করে হত্যা এবং এরপর নিজেকেও হত্যার পরিকল্পনার কথা চ্যাটে লিখেছিলেন বলে তদন্তকারীদের দাবি।
পরবর্তীতে কথিত পরিকল্পনায় আরও ভয়াবহ বিষয় যুক্ত হয়। তদন্তকারীদের মতে, সাবেক প্রেমিকাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন ও আটকে রাখার পরিকল্পনা নিয়েও তিনি আলোচনা করেন। পুলিশ হস্তক্ষেপ করলে পরিস্থিতি আরও সহিংস হয়ে উঠতে পারে—এমন আশঙ্কার কথাও কথোপকথনে উঠে আসে বলে দাবি তদন্তকারীদের।
পরে তার কথিত হুমকির পরিধি সাবেক প্রেমিকার পরিবারের সদস্যদেরও অন্তর্ভুক্ত করে বলে তদন্তকারীরা অভিযোগ করেছেন।
এফবিআইকে সতর্ক করে ওপেনএআই
ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ মোড় আসে গ্রেপ্তারের ছয় দিন আগে। এফবিআই পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয়কে ঝোর কথোপকথন সম্পর্কে সতর্ক করে বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে।
এরপর তদন্তকারীরা চ্যাটজিপিটির সঙ্গে ঝোর কথোপকথন পর্যালোচনা করেন। একজন শেরিফের ডেপুটির ভাষ্য অনুযায়ী, এসব কথোপকথনকে কেবল অস্পষ্ট রাগ বা হতাশার বহিঃপ্রকাশ হিসেবে দেখা যায়নি; বরং সময়ের সঙ্গে সেখানে হুমকি ও সহিংসতার পরিকল্পনা স্পষ্ট হয়েছে বলে তদন্তকারীদের দাবি।
দুই দিন কারাগারে, পরে ১ লাখ ডলারে জামিন
গত মে মাসে গ্রেপ্তারের পর ঝো পাম বিচ কাউন্টি কারাগারে দুই দিন ছিলেন। পরে ১ লাখ মার্কিন ডলার জামিনে মুক্তি পান তিনি।
তার বিরুদ্ধে গুরুতরভাবে অনুসরণ বা হয়রানি করা, লিখিতভাবে হত্যার হুমকি দেওয়া এবং মোবাইল ফোনের অবৈধ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
ঘটনাটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা, গোপনীয়তা এবং সম্ভাব্য সহিংসতার ঝুঁকি শনাক্তকরণ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচনা করা হয়।