
নিজস্ব প্রতিবেদক
বিয়ে ও চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন, জোরপূর্বক যৌন সম্পর্কে বাধ্য করা এবং শারীরিক নির্যাতনের অভিযোগে তেলেগু সিনেমার পরিচালক পবন সাদিনেনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হায়দরাবাদের গোলকোন্ডা থানায় ওই নারীর করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তাকে বিচারিক হেফাজতে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযোগকারী নারীর দাবি, এক বছরেরও বেশি সময় ধরে পরিচালক পবনের সঙ্গে তার সম্পর্ক ছিল। শুরুতে তিনি নিজেই একটি সিনেমা পরিচালনার পরিকল্পনা করছিলেন। সে সময় পবন সিনেমাটি প্রযোজনা করার পাশাপাশি তার স্বাস্থ্য, ক্যারিয়ার ও আর্থিক বিষয়ে সহায়তার আশ্বাস দেন।
পরবর্তীতে ওই নারী জানতে পারেন, পবন বিবাহিত এবং তার সন্তান রয়েছে। তবে নিজের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে এবং আইনি জটিলতা শেষ করে শিগগিরই তাকে বিয়ে করবেন—এমন আশ্বাস দিয়ে পবন সম্পর্ক চালিয়ে যান বলে অভিযোগ ওই নারীর।
অভিযোগে ওই নারী আরও দাবি করেন, একপর্যায়ে সম্পর্কটি প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্কে পরিণত হয়। শারীরিক অসুস্থতা এবং প্যানিক অ্যাটাকের কথা জানিয়েও তিনি রেহাই পাননি। তার অভিযোগ, পবন তাকে জোরপূর্বক যৌন সম্পর্কে বাধ্য করতেন।
এমনকি ভিডিও কলের মাধ্যমে যৌন কার্যকলাপে বাধ্য করার অভিযোগও করেছেন ওই নারী। এসব ভিডিও ধারণ করে পরবর্তীতে ছড়িয়ে দেওয়া হতে পারে, এমন আশঙ্কার কথাও পুলিশকে জানিয়েছেন তিনি। অভিযোগে আরও বলা হয়, গত ৫ আগস্ট বিকেলে পবনের নিজ বাড়িতে ওই নারীর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এ সময় মুখে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে তাকে অচেতন করে ফেলার অভিযোগ রয়েছে। এতে তার মুখ ও চোখ ফুলে যায় এবং পিঠ ও মাথায় গুরুতর আঘাত লাগে বলে অভিযোগকারীর দাবি। ওই নারীর অভিযোগের ভিত্তিতে গোলকোন্ডা থানায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ৬৯ ধারা এবং ১১৫(২) ধারায় মামলা করা হয়েছে। এর মধ্যে ৬৯ ধারা প্রতারণামূলক উপায়ে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ এবং ১১৫(২) ধারা ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগের সঙ্গে সম্পর্কিত। পুলিশের পক্ষ থেকে অভিযোগের তদন্ত করা হচ্ছে। মামলার অভিযোগগুলো আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সিনেমায় পরিচিত মুখ পবন ২০১৩ সালে ‘প্রেম ইশক কাদাল’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় পবন সাদিনেনির। এরপর ‘সাবিত্রী’সহ বিভিন্ন চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। ২০২৩ সালে মুক্তি পাওয়া প্রশংসিত ওয়েব সিরিজ ‘দয়া’ও তার নির্মাণ। বর্তমানে দুলকার সালমান, পূজা হেগড়ে ও শ্রুতি হাসান অভিনীত ‘আকাশম লো ওকা তারা’ সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন পবন সাদিনেনি। পরিচালকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ও গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর তেলেগু চলচ্চিত্র অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।