
নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির অভিযোগে ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আকাশকে (ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসেবে অভিযুক্ত) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ১:৩০ মিনিটে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে নোয়াপাড়া রাজা ফার্নিচার গলির একটি ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার মামলায় এই অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা না করে এলাকাটিতে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মেহেদী হাসান আকাশের বিরুদ্ধে বর্তমানে ধর্ষণ, চাঁদাবাজি, পর্নোগ্রাফি ও জাল-জালিয়াতিসহ মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তার পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।